ভালুকায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি ফখরউদ্দিন বাচ্চু
মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ময়মনসিংহের ভালুকায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু।
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও ভালুকা পৌরসভার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সকালে ভালুকা পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বর্ণাঢ্য পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরে পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, নালা-নর্দমা ও গুরুত্বপূর্ণ স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কারের মাধ্যমে কর্মসূচি পরিচালিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে তা নিশ্চিত করা। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সবাই যদি দায়িত্বশীল হয়ে নিজেদের পরিবেশ পরিষ্কার রাখি, তাহলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমীন মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, ভালুকা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উসমানগনি মাখন, শাখাওয়াত হোসেন পাঠান, পৌর শ্রমিকদলের আহ্বায়ক আমিনুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও নালা-নর্দমা পরিষ্কার করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারাও এ কর্মসূচিতে অংশ নিয়ে পরিচ্ছন্ন ভালুকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































